টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি সেমিপাকা বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘরগুলোতে থাকা ৮ থেকে ১০টি ভাড়াটে পরিবার তাদের সর্বস্ব হারায়।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল কায়ুকখালী পাড়ার একটি বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এবং ঘরগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে বাসিন্দারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও প্রয়োজনীয় মালামাল বের করার কোনো সুযোগ পাননি।
আগুনে পুড়ে যায় আসবাবপত্র, কাপড়চোপড়, টাকা-পয়সা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ পরিবারের নিত্যপ্রয়োজনীয় সবকিছু। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেন।
সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই এখন থাকার জায়গা, পোশাক, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ঘরবাড়ি ও জীবনের সঞ্চিত সামান্য সম্পদ হারিয়ে নিস্বপ্রায়।
পূর্বকোণ/আদর/পারভেজ


















