চট্টগ্রাম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়া সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২৬ | ৮:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া পৌরসভার সাবেক গুলদী এলাকায় মৎস্য প্রকল্পের পুকুরে ডুবে নাদিয়া জান্নাত নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাদিয়া পেকুয়া পৌরসভার মইয়াদিয়া এলাকার মো. মনছুরের মেয়ে।
 
স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুটির মা গুলদী এলাকায় একটি আচার তৈরির কারখানায় চাকরি করেন। তিনি সন্তানকে নিয়ে নানার বাড়িতে থাকতেন।
 
ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, গতকাল রাতে একটি মৎস্য প্রকল্পের পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করায় মাছ মারা যায়। এরপর পুকুরটি সবার জন্য উন্মুক্ত হয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে মাছ ধরতে যান। তাদের সাথে চার বছরের শিশু নাদিয়াও পুকুর এলাকায় যায়।
 
পরে মাছ ধরা শেষে অন্যরা বাড়িতে ফিরে গেলেও নাদিয়া না ফিরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই মৎস্য প্রকল্পের পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট