কক্সবাজারের টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণের শিকার মো. রফিক (৪০) নামে এক যুবক মুক্ত হয়েছেন। তিন দিন পাহাড়ি এলাকায় বন্দি রেখে নির্যাতন চালানোর পর শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে টেকনাফের দক্ষিণ শিলখালী পাহাড়ি এলাকা দিয়ে তাকে ছেড়ে দেয় সশস্ত্র অপহরণকারী চক্রটি। উদ্ধারের পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া রফিক টেকনাফের দক্ষিণ শিলখালী এলাকার মমতাজ আহমদের বড় ছেলে ।
ভিকটিমের পরিবার জানায়, গত তিন দিন আগে নিজের সুপারি বাগান থেকে অস্ত্রধারী দুর্বৃত্তরা রফিককে জিম্মি করে পাহাড়ে তুলে নিয়ে যায়। পরে তার জীবনের হুমকি দিয়ে পরিবারের কাছে প্রথমে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দরকষাকষির একপর্যায়ে ৪ লাখ টাকায় সম্মত হয় অপহরণকারীরা। স্বজনের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে বাধ্য হয়ে পরিবার মুক্তিপণের টাকা পরিশোধ করলে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়।
রফিকের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। টানা বন্দি থাকা ও শারীরিক নির্যাতনের কারণে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ জানান, অপহৃত ব্যক্তি ফিরে এসে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বলে পুলিশ জেনেছে। তবে মুক্তিপণ আদায়ের বিষয়ে পুলিশ অবগত নয়।
উল্লেখ্য, সম্প্রতি টেকনাফের পাহাড়ি সীমান্ত এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















