চট্টগ্রাম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে মানবপাচারের শিকার দুই কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২

টেকনাফে মানবপাচারের শিকার দুই কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২

টেকনাফ সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২৬ | ৬:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়। মিয়ানমারে জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের পর দেশে ফেরত আনার সময় পুলিশ তাদের আটক করে।
 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন চেকপোস্ট থেকে তাদের উদ্ধার ও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) টেকনাফ মডেল থানায় একটি মানবপাচার মামলা দায়ের করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইউসুফ (৪৩) এবং টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইউনুস (৩১)। উদ্ধার হওয়া দুই কিশোর হলো উখিয়ার ৮ নম্বর ইস্ট ক্যাম্পের বাসিন্দা সৈয়দুল আমিন (১৪) ও মফিজুর রহমান (১৫)।
 
১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার বলেন, গত ৬ অক্টোবর ওই দুই কিশোরকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে নৌকায় করে মিয়ানমারে নিয়ে যায় পাচারকারীরা। সেখানে তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে ৯৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়।
 
বৃহস্পতিবার নাফ নদী পার হয়ে বাংলাদেশে ফেরার সময় এপিবিএন চেকপোস্টে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মানবপাচারের পুরো বিষয়টি বেরিয়ে আসে।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট