চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় মহাসড়কের সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবদুল্লাহ ও মো. ইয়াছিন। নিহত আবদুল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে ও মো. ইয়াছিন মাতামুহুরী উপজেলার সাহারবিল রামপুর এলাকার মো. দুলালের ছেলে।
পুলিশ জানায়, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপের সংঘর্ষ হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দু’জনের মরদেহ উদ্ধার করে।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. সেলিম মিয়া বলেন, প্রাথমিক সুরতহালে নিহত দু’জনের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/জাহেদ/এএইচ


















