কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। এ সময় চুরি হওয়া ১২ ভোল্টের একটি সোলার ব্যাটারি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ক্যাম্পের বি/৩ ব্লকের ৮৯-এ শেল্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের এ/৫ ব্লকের বাসিন্দা মো. আয়ুব (২৭) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার বসতঘর থেকে সোলার ব্যাটারি চুরির অভিযোগ করেন। তার অভিযোগ, গত ১৫ অক্টোবর রাত ১০টার দিকে ঘর থেকে ১২ ভোল্টের একটি সোলার ব্যাটারি চুরি হয়। অভিযোগ পাওয়ার পর এপিবিএন সদস্যরা বিষয়টি তদন্ত শুরু করেন।
পরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) চুরি হওয়া ব্যাটারির অবস্থান এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরপর অভিযান চালায়ে ব্যাটারিটি উদ্ধার করা হয়।
একইসঙ্গে ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বি/৩ ব্লকের রশিদ আহমদের ছেলে মো. ইসমাইল (১৯), এ/৪ ব্লকের নুর হোসেনের ছেলে মো. এনাম (২৯), এ/৫ ব্লকের মৃত হামিদের ছেলে মো. ফয়সাল (২৪)।
তারা তিনজনই ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গ্রেপ্তারদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/ইবনুর


















