চট্টগ্রামের সীতাকুণ্ডে আইল্যান্ডে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের ভিতরে থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬৫) এবং তার মেয়ে জয়পুরহাটের জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন (৪৫)। আহতদের মধ্যে মো. আলতাফ হোসেনের (৫৫) পরিচয় জানা গেছে। অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, আনোয়ারা জুট মিল বিদ্যুৎ অফিসের সামনে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল জানান, দুর্ঘটনা পরবর্তীতে স্থানীয়রা আহত যাত্রীদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর আহত মা রোজী আক্তার ও মেয়ে নাজমা খাতুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল আরো জানান, দুর্ঘটনার কবলে পড়া হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা ঢাকা থেকে মাইক্রোবাস ভাড়া করে বান্দরবানের লামা উপজেলায় এক আত্মীয়ের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। আর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ



















