চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

পটিয়া সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৬ | ৪:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৫ টন চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। বুধবার (২১ অক্টোবর) উপজেলার মনসা বাদামতল এলাকায় এই ঘটনা ঘটে। পরে কাভার্ডভ্যানের চালক আলমগীরকে (৪৫) সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কাভার্ড ভ্যানের মালিক জাকির হোসেন জানান, মেঘনা কোম্পানির চিনি নিয়ে গাড়িটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। পথে নগরের নাসিরাবাদ এলাকায় ফুলকলি ফ্যাক্টরিতে ১৩ টন চিনি সরবরাহ করা হয়। এরপর পটিয়ার ফুলকলি ফ্যাক্টরিতে সরবরাহের জন্য আরও ১৫ টন চিনি নিয়ে গাড়িটি রওনা হয়।

জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত ১১টায় গাড়িটি মইজ্যারটেক এলাকায় থাকা অবস্থায় চালক তাকে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন। পরদিন সকাল ৯টার দিকে চালককে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালানোর সুবাদে চালকের পূর্বপরিচিত অপর কাভার্ডভ্যান চালক আবুল কালাম তাকে সড়কের পাশে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তিনি আলমগীরকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আবুল কালাম জানান, সে সময় চালকের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামা জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে চেতনানাশক কোনো পদার্থ প্রবেশ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। তবে পুলিশ ঘটনার খবর পেয়ে বিষয়টি তদন্ত করে দেখছে।

পূর্বকোণ/রবিউল/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট