চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ছাত্রদল নেতার ভাই অপহৃত

কক্সবাজারে ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণ

টেকনাফ সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৬ | ২:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাকে উদ্ধারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তির নাম রফিক (৩৭)। তিনি ওই এলাকার মমতাজ আহমদের ছেলে এবং বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ কায়সারের বড় ভাই। ঘটনার পর বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায় নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাইন্যাপাড়া এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নিজ বাড়িতে ছিলেন রফিক। এ সময় বাড়ির বাইরে কুকুরের ডাকাডাকি ও চিৎকার শুনে তিনি বাইরে বের হন। তখন আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কয়েকজন অস্ত্রধারী তাকে ঘিরে ধরে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে অস্ত্রধারীরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অপহৃত রফিকের স্ত্রী জানান, রাতে বারবার কুকুরের ডাক শুনে বাগানে চোর এসেছে ভেবে রফিক প্রথমে একবার বাগান ঘুরে আসেন। কিছুক্ষণ পর আবার বাগানে হট্টগোল শুনে তিনি বের হন। এ সময় পাহাড়ি এলাকার নিজ বাগানে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে জবরদস্তি করে তাকে পাহাড়ের গভীরে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা পর পর তিন রাউন্ড গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাইদ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, বাড়ির বাইরে কুকুরের ডাকাডাকি শুনে বের হওয়ার পর কয়েকজন অস্ত্রধারী রফিককে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। তাকে উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট