চট্টগ্রাম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পোষা বিড়াল পিটিয়ে হত্যার অভিযোগ, মৃতদেহ নিয়ে থানায় মালিক

পোষা বিড়াল পিটিয়ে হত্যার অভিযোগ, মৃতদেহ নিয়ে থানায় মালিক

চকরিয়া সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২৬ | ৭:৩২ অপরাহ্ণ

কুকুর তাড়ানোর বিরোধকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় একটি পোষা বিড়ালকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। পৈশাচিক এই ঘটনার বিচার চেয়ে সোমবার দুপুরে বিড়ালের রক্তাক্ত মরদেহ খাঁচায় বন্দি করে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একব্যক্তি। নৃশংস এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত নারীর নাম ফিরোজা বেগম। তিনি চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা এবং অভিযোগকারী শামশুল আলমের (৫৪) প্রতিবেশী।

অভিযোগ সূত্রে জানা যায়, শামশুল আলম দীর্ঘ দিন ধরে অত্যন্ত যত্নে দুটি বিড়াল লালন-পালন করে আসছিলেন। সোমবার সকালে তিনি বাড়ির পেছনে ছাগল বাঁধতে গেলে একটি বিড়াল তাঁর পিছু নেয়। এ সময় প্রতিবেশী ফিরোজা বেগমের পোষা কুকুর বিড়ালটিকে কামড়াতে উদ্যত হলে শামশুল আলম কুকুরটিকে তাড়িয়ে দেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন ফিরোজা বেগম এবং হাতের কাছে থাকা লাঠি দিয়ে আঘাত করে বিড়ালটিকে ঘটনাস্থলেই হত্যা করেন।

পোষা বিড়ালটিকে হারিয়ে শোকাহত শামশুল আলম বলেন, “বিড়াল দুটিকে আমি সন্তানের স্নেহে বড় করেছি। এত তুচ্ছ একটা ঘটনায় মানুষ কতটা পাষাণ হলে অসহায় প্রাণীটাকে পিটিয়ে মেরে ফেলতে পারে! আমি এই নির্মমতার দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কেউ কোনো নিরীহ প্রাণীর ওপর এমন নৃশংসতা চালানোর সাহস না পায়।”

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “প্রাণীর ওপর নৃশংসতা চালানো বা হত্যা করা একটি আইনগত অপরাধ। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, পশুর প্রতি নৃশংসতার বিষয়ে জানতে অভিযুক্ত ফিরোজা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট