চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে পাঁচটি বাস থেকে ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ বাসকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গাউছিয়া মার্কেট ও আন্ডা মার্কেট-সংলগ্ন মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম অভিযানের নেতৃত্ব দেন।
এতে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়। অভিযানে প্রতিটি বাসকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
তিনি বলেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে অভিযান চালানো হয়। এ সময় ১০টি হর্ন জব্দ করা হয়। জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/নুসরাত


















