চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

সাতকানিয়া সংবাদদাতা

১৯ অক্টোবর, ২০২৬ | ৫:৩৯ অপরাহ্ণ

দুর্গাপূজা উদযাপন ঘিরে কোন ধরনের নিরাপত্তা শঙ্কা নেই, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশ রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। 
 
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।
 
ডিআইজি বলেন, এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য আমাদের কাছে আসেনি। নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। দুর্গাপূজা উদযাপন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। 
 
আমি ইতোমধ্যে চট্টগ্রাম রেঞ্জের কক্সবাজার জেলা ছাড়া বাকি সব জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। প্রতিটি জেলায় আনন্দ-উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা নির্বিঘ্ন করতে এক মাস আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
 
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এসব অভিযান আরও জোরদার করা হবে। মূলত এগুলো পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। অভিযানের ফলে অপরাধ প্রবণতা কিছুটা কমছে। তবে পুরোপুরি সুফল পেতে কিছুটা সময় লাগবে। কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন ও মাদক নির্মূলে অভিযানের পরিধি পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রাজিব কুমার ধর, সদস্য সচিব রাজিব নন্দী, সদস্য পিন্টু মল্লিক ও চিন্ময় এবং শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি দাশ ও পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে প্রমুখ।
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট