চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেন ১ লাখ ২৭ হাজার টাকা

আনোয়ারায় স্প্রে পার্টির নতুন কৌশল

পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেন লক্ষাধিক টাকা

আনোয়ারা সংবাদদাতা

১৮ অক্টোবর, ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় স্প্রে করে এক যুবককে অচেতন করে ১ লাখ ২৭ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে বোরকা পরা দুই নারীর বিরুদ্ধে।
 
শনিবার (অক্টোবর) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
 
ভুক্তভোগী মো.জাবেদ উদ্দিন নয়ন (২১) উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের বাসিন্দা। তিনি মো. মুসার ছেলে।
 
নয়ন জানান, প্রবাসী বড় ভাইয়ের পাঠানো ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে চাতরী চৌমুহনী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশায় আগে থেকেই বোরকা পরা দুই নারী ও এক ব্যক্তি ছিলেন। পথে ওই ব্যক্তি নেমে যাওয়ার পর চালকের কথায় পেছনের আসনে বসেন নয়ন।
 
একপর্যায়ে দুই নারীর আচরণ সন্দেহজনক মনে হলে অটোরিকশা থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন তিনি। এ সময় ওই দুই নারী তাকে টেনে ধরে মুখে স্প্রে করেন বলে অভিযোগ করেন নয়ন। পরে তার কাছে থাকা ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে তাকে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে যায় তারা।
 
পরে স্থানীয়রা সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন নয়ন।
 
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. মুজিবুর রহমান জানান, শনিবার রাতে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়কের পাশে এক যুবককে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। 
 
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, শনিবার রাতে নয়নকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সে সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল এবং শরীর কাঁপছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
 
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, চেতনানাশক কোনো পদার্থ খাওয়ানো বা স্প্রে করার কারণে তার এমন অবস্থা হয়েছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট