চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে আগুনে ছাই দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২২ লাখ টাকা

মিরসরাইয়ে আগুনে ছাই দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২২ লাখ টাকা

মিরসরাই সংবাদদাতা 

১৮ অক্টোবর, ২০২৬ | ৭:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি কুলিং কর্নার। এতে টাকা, আসবাবপত্র ও মালামালসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
 
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার  বড়তাকিয়া রেলস্টেশনের পোলমোগরা এলাকায় ব্যবসায়ী সাখাওয়াত হোসেন পলাশ ও মাহফুজের দুটি কুলিং কর্নারে এ আগুনের ঘটনা ঘটে।
 
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাখাওয়াত হোসেন পলাশ বলেন, ‘আমি একেবারেই নিঃস্ব হয়ে গেছি। আমার আর কিছুই রইল না। প্রতিদিনের মতো শনিবার রাতেও বৈদ্যুতিক লাইন বন্ধ করে দোকান থেকে বাড়ি চলে যাই। রাত সাড়ে ৩টার দিকে ফোন করে জানানো হয়, আমার দোকানে আগুন লেগেছে। কিভাবে আগুন লেগেছে, তা আমি জানি না। এর আগে কখনো দোকানে বৈদ্যুতিক সমস্যাও দেখা দেয়নি।’
 
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১০ বছরের স্বপ্ন ছিল এই দোকান। ঋণ করে অনেক কষ্টে এটি গড়ে তুলেছি। দোকানটিকে অনেকটা নিজের বসতবাড়ির মতো করে সাজিয়েছিলাম। চোখের সামনে সব শেষ হয়ে গেল।’
 
 
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শা-হ্লাং মারমা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। 
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট