বান্দরবানের থানচি উপজেলার দুর্গম ম্রো গ্রামে শুকরের চর্বি জ্বাল দিয়ে তেল তৈরি করতে গিয়ে আগুনে পাসুয়া ম্রোর নামে একজনের বসতঘর পুড়ে গেছে।
রবিবার (১৮ অক্টোবর) সকালের দিকে থানচি উপজেলার মেলেংগা পাড়ায় এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাসুয়া ম্রো নিজের বসতবাড়িতে শুকরের চর্বি জ্বাল দিয়ে তেল তৈরি করছিলেন। এ সময় আগুনের সূত্রপাত হলে তাঁর বসতঘরটি পুড়ে যায়।
তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, আগুনের খবর পেয়ে ওয়ার্ড মেম্বার ক্রানিঅং মারমাকে ঘটনাস্থলে পাঠানো হয়। “আমি তৎক্ষনিকভাবে ত্রাণ সামগ্রী দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। কাল সোমবার ত্রান সামগ্রী নিয়ে আমরা যাবো।”
থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ঘটনাস্থলে পায়ে ট্রেকিং করে যেতে হয়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবারসহ তৎক্ষনিভাবে কিছু ত্রাণ সামগ্রী হাতে তুলে দেন।
দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক অভ্যন্তরীণ সড়ক পথ না থাকায় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের খবর স্থানীয় ফায়ার ডিফেন্সের স্টেশন কর্মকর্তার কাছে পৌছেনি বলে জানিয়েছেন থানচি ফায়ার ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুল রহমান মৃডা।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















