চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

মহেশখালীর আলোচিত যুবলীগ ক্যাডার কাশেম গ্রেপ্তার

মহেশখালীর আলোচিত যুবলীগ ক্যাডার কাশেম গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী

১৮ অক্টোবর, ২০২৬ | ৫:৩০ অপরাহ্ণ

সন্ত্রাসী কায়দায় কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার আলোচিত ঘটনার পর আবারও গ্রেপ্তার হয়েছেন মহেশখালীর যুবলীগ ক্যাডার মো. আবুল কাশেম। এবারও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল।
 
পুলিশ জানায়, উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া চিংড়ি প্রজেক্ট এলাকা থেকে রবিবার (১৮ অক্টোবর) ভোররাতে মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 
 
এর আগে গত ১১ জুলাই ২০২৬ রাতে কুতুবজোম ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে আবুল কাশেমকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু গ্রেপ্তারের পর একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় এসআই মোহাম্মদ ইকবাল বাদী হয়ে মহেশখালী থানায় মামলা করেন। মামলায় কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মৌলভী শফিউল আলমসহ ১৬ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
 
মহেশখালী থানার এস আই ইকবাল জানান, পুলিশের কাছ থেকে এ আসামি ছিনিয়ে নেওয়ার পর থেকে নজরদারি শুরু করে অবশেষে অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
 
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান জানান, যুবলীগের আবুল কাশেমকে ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও মহেশখালী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। তবে কুতুবজোম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মৌলভী শফিউল আলমের নেতৃত্বে একদল লোক পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিয়েছিল। 
 
পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট