কক্সবাজার সদর থানায় ৩ লাখ ইয়াবা উদ্ধার মামলার প্রধান পরিকল্পনাকারী ও ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. সলিম উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সলিম উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুড়াপাড়া এলাকার খুইল্লা মিয়ার ছেলে।
রবিবার (১৮ অক্টোবর) এসআরবি-১৫ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় যে, এসআরবি-১৫ এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ লাখ পিস ইয়াবা চালান প্রক্রিয়াকরণের মূল হোতা সলিম উল্লাহ চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে চকরিয়ার ডুলাহাজারা বাজার এলাকায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে চারদিক থেকে ঘিরে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, সলিম উল্লাহ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ আঞ্চলিক মাদক চোরাচালান সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। তিনি টেকনাফ ও সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা এনে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার মূল পরিকল্পনা ও পরিচালনায় সরাসরি যুক্ত ছিলেন।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/ইবনুর


















