চট্টগ্রামের লোহাগাড়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকায় একটি ভবনের ৪র্থ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল ফেরদৌস ঢাকার সায়েদাবাদ এলাকার বাসিন্দা বাবুল ও মাহমুদা আক্তার বিউটির মেয়ে। জান্নাতুল ফেরদৌস মায়ের সঙ্গে লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকায় বাবরের মালিকানাধীন একটি ভাড়া বাসায় থাকতেন।
নিহতের মা মাহমুদা আক্তার বিউটি জানান, শনিবার সন্ধ্যায় মেয়ের সঙ্গে নাস্তা শেষ করে সাড়ে ৭টার দিকে তিনি টেলিভিশনে ধারাবাহিক নাটক দেখছিলেন। প্রায় আধা ঘণ্টা পর মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজার ছোট ছিদ্র দিয়ে উঁকি দিয়ে মেয়েকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে বিষয়টি জানাজানি হয়।
নিহতের মায়ের দাবি, সাইমন নামে এক যুবকের সঙ্গে তার মেয়ের কিছুদিন ধরে সম্পর্ক ছিল। ঘটনার দিনও ওই যুবকের সঙ্গে মেয়ে ফোনে কথা বলছিল বলে তিনি জানতে পেরেছেন। ওই যুবকের সঙ্গে অভিমান করে মেয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌসের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর তার মা বিশাল মাহমুদ নামে খাগড়াছড়ির এক ব্যক্তিকে বিয়ে করেন। মায়ের দ্বিতীয় সংসারে আরও এক কন্যাসন্তান রয়েছে। জান্নাতুলের এক ভাই বাবার সঙ্গে থাকে।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, ভবনমালিক ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশকে জানিয়ে ঘটনাস্থলে যাই। পরে দরজা ভেঙে কিশোরীর ঝুলন্ত মরদেহ দেখতে পাই।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, ভাড়া বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/ইবনুর


















