কক্সবাজারের উখিয়ায় আলোচিত মানব পাচার এবং ১৫ বছর বয়সী কিশোর হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আলী আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার মরিচ্যা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলী আহমদ রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া গ্রামের মৃত সোনা আলীর ছেলে।
কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি দল উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এজাহারের বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার কিশোর হুমায়ুন কবিরকে মালয়েশিয়া পাঠানোর লোভ দেখিয়ে একটি মানব পাচারকারী চক্র অবৈধ উপায়ে সাগরপথে নিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা বিষয়টি জানতে পেরে থানায় প্রাথমিক অভিযোগ জানালে চক্রটি ক্ষিপ্ত হয়। পরে আন্তর্জাতিক ট্রাফিকারদের মাধ্যমে কিশোর হুমায়ুনের ওপর অমানুষিক ও নির্মম নির্যাতন চালিয়ে তাকে হত্যা করে মরদেহ সাগরে ভাসিয়ে দেয়। এ ঘটনা প্রকাশ পেলে সমগ্র কক্সবাজার ও উখিয়া জুড়ে ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে এসআরবি জানায়।
পূর্বকোণ/রানা/পারভেজ


















