চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের বামনসুন্দরঘাট এলাকা থেকে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে টাস্কফোর্স কমিটি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে আয়োজিত এক অভিযানে এসব জাল আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। অভিযান শেষে আটককৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের সহযোগিতায় বামনসুন্দরঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় চলতি মাসের ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনানুযায়ী এ সময়ে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পুরোপুরি দণ্ডনীয় অপরাধ। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য দপ্তর।
পূর্বকোণ/রানা/পারভেজ


















