কক্সবাজারের উখিয়া বন রেঞ্জের আওতাধীন থাইংখালী বনবিটের রহমতেরবিল এলাকায় অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে থাইংখালী বনবিটের রহমতেরবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, বনকর্মী আব্দুল কাইয়ুম, আব্দুল মুহিত ও ইলিয়াসসহ বন বিভাগের একটি দল এ অভিযানে অংশ নেন। অভিযানকালে পাহাড় ও অবৈধ মাটি কাটার কাজে নিয়োজিত মাটিভর্তি একটা ডাম্পার গাড়ি আটক করে উখিয়া বন রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নিয়ে আসা হয়।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, পরিবেশ ও বন রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পাহাড় বা মাটি কাটার সাথে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
পূর্বকোণ/রানা/পারভেজ


















