চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক ‘উত্তর সাতকানিয়া’ নামে উপজেলা ও থানা গঠনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি দোহাজারীকে ‘এক নম্বর পৌরসভা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কেরানীহাট চত্বরে ‘উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়ন পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।
মহাসমাবেশে কালিয়াইশ, খাগরিয়া, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় এই ছয়টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মানুষ মিছিল সহকারে যোগ দেন।
স্থানীয়দের মতে, বর্তমান উপজেলা সদর থেকে ভৌগোলিক দূরত্বের কারণে প্রশাসনিক ও পুলিশি সেবা গ্রহণে দীর্ঘদিন ধরে তাদের সময় ও অর্থ ব্যয়সহ নানা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পৃথক উপজেলা ও থানা গঠিত হলে প্রশাসনিক কাজকর্ম সহজতর হবে এবং সাধারণ মানুষের হয়রানি অনেকাংশে কমে আসবে।
এই দাবির ধারাবাহিকতায় প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ নতুন উপজেলা গঠনের প্রস্তাবটি প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ বিভাগীয় কমিশনারের সুপারিশসহ প্রেরণের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করে। এর পরপরই, গত ২৯ সেপ্টেম্বর প্রস্তাবিত উত্তর সাতকানিয়া থানা গঠনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত ও জনমত যাচাইয়ের লক্ষ্যে কালিয়াইশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিনের দাবির পর প্রশাসনিক পদক্ষেপ এবং গণশুনানির পটভূমিতে সংসদ সদস্যের এই আনুষ্ঠানিক ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে প্রস্তাবিত উপজেলা ও থানা গঠনের বিষয়টি চূড়ান্তভাবে বাস্তবায়ন হওয়া এখন সংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্ত ও দাপ্তরিক অনুমোদনের ওপর নির্ভর করছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















