চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে মো. রিয়াজ (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার কয়েকজন বন্ধুর বিরুদ্ধে। কাঠ দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।
নিহত রিয়াজ উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মোল্লাপাড়ার (৮ নম্বর ওয়ার্ড) নাজিম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রিয়াজের বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে শাহ মজিদিয়া মার্কেট এলাকার একটি দোকানে নিয়ে যান। সেখানে রিয়াজের ব্যবহৃত মোবাইল ফোনটি নিজের বলে দাবি করেন তার এক বন্ধু। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত (৩০), জায়েদ (২৫), আব্বাস (৩০), অনিক (৩০) ও ফরহাদসহ (২৫) কয়েকজন রিয়াজকে কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন।
ফার্মেসিতে আশ্রয় নিয়েও রক্ষা পাননি রিয়াজ
নিহতের মা রোজিনা আকতার অভিযোগ করে বলেন, বন্ধুদের হামলায় রিয়াজের মাথা, নাক ও মুখে গুরুতর জখম হয় এবং মুখের কয়েকটি দাঁত পড়ে যায়। এ সময় প্রাণ বাঁচাতে রিয়াজ পাশের একটি ফার্মেসিতে আশ্রয় নেন। তবে হামলাকারীরা তাকে সেখান থেকে টেনেহিঁচড়ে সড়কে বের করে আনে এবং আবারও উপর্যুপরি পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন রিয়াজকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মা রোজিনা আকতার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে জড়িত বন্ধুদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















