কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও সাতজন। এরমধ্যে নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম হতাহতের এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ আগুনের ঘটনা ঘটে।
রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো. সুমন গণমাধ্যমকে জানান, রিসোর্টের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি বলেন, শর্টসার্কিট থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা নেভানোর চেষ্টা করি। ততক্ষণে রিসোর্টের এসি ও সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো রিসোর্টে আগুন ধরে যায়।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাতটার দিকে রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টটি কাঠের তৈরি। এতে মোট রুম ছিল ৯টি। এদিকে টুপটুপের ঘটনায়অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পূর্বকোণ/নুসরাত/এএইচ


















