কক্সবাজারের টেকনাফে কেরানতলী রাস্তার মাথা থেকে নিখোঁজ এক রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের এক কিশোরীকে উদ্ধার করেছে এপিবিএন। পরে পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ১৬ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ কাওছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কেরানতলী রাস্তার মাথায় দুই অপরিচিত কিশোর-কিশোরী ঘোরাফেরা করছে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন। খবর পেয়ে ১৬ এপিবিএন ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। পরে প্রায় দুই ঘণ্টা অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে উদ্ধার হওয়া কিশোরের পরিচয় শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া এক কিশোর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং অপর কিশোরী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাট এলাকার বাসিন্দা। তারা দুজনই শুক্রবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিল। পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে রাতেই তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর


















