নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দোহাজারী সদরে চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির প্রতিনিধি এম. এ. হামিদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আমিনুল্লাহ টিপু, জাবের বিন রহমান আরজু, ফয়সাল চৌধুরী, মো. আয়ুব মিয়াজী, ইসলামী ফ্রন্ট নেতা মো. কলিম উদ্দিন, রনি কান্তি দেব ও জামাল হোসেনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন, হামলা, হত্যা ও হয়রানিমূলক মিথ্যা মামলার ঘটনার সঠিক বিচার না হওয়ায় দুষ্কৃতকারীরা প্রশ্রয় পাচ্ছে, যা দেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব ঘটনার সঠিক তদন্ত না হওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।
বক্তারা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। একইসঙ্গে সরকার যদি সাংবাদিকদের নিরাপত্তা প্রদান ও অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়, তবে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
পূর্বকোণ/রানা/পারভেজ


















