চট্টগ্রাম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

থানচি সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২৬ | ৬:০০ অপরাহ্ণ

বান্দরবানের থানচি-তিন্দু সংযোগ সড়কে সব ধরনের পর্যটকবাহী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ এই সড়কটির সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, থানচি-আলীকদম অভ্যন্তরীণ সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সড়কটি সংস্কার ও চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত মোটরসাইকেল, হালকা ও ভারীসহ সব ধরনের পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল জানান, তিন্দু বাজারের সংযোগ সড়কটির সংস্কারকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি এবং কাজ চলমান রয়েছে। সড়কটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হওয়ায় কিছুদিন আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই সড়কটিতে যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর থানচি-তিন্দু সড়কে একটি পর্যটকবাহী জিপ গভীর খাদে পড়ে ঘটনাস্থলেই ২ জন পর্যটক নিহত হন এবং ৫ জন গুরুতর আহত হন। ওই দুর্ঘটনার পরই স্থানীয়রা সড়কটি সংস্কার ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিলেন।

পূর্বকোণ/রানা/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট