চট্টগ্রাম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ আহত অনেকে

রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ আহত অনেকে

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি বনভূমি উচ্ছেদ অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের একাধিক সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোদালা বিটে অভিযান পরিচালনাকালে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের ওপর এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বন বিভাগের প্রতিনিধি দল কোদালা বিটের ‘শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক’ রাঙ্গুনিয়ার পার্কিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত দুটি ঘর ও ঘেরা-বেড়া উচ্ছেদ করে। এই অভিযানে প্রায় ৫ একর বনভূমি উদ্ধার এবং ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পরবর্তীতে ইকোপার্কের পিকনিক স্পট দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে দখলদারেরা বাধা দিলে সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়।

এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার নাজনিন ফারজানা সেতু উপস্থিত হন। রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন যখন তাঁর সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন, ঠিক তখনই চিহ্নিত ভূমিদস্যু আহমেদ (আহমুদুল হক), মাহবুব (প্রকাশ পঁচাইয়া), মো. ফারুক, মো. হোসেন, আনোয়ার ও বাবুলের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সহকারী কমিশনারের সামনেই রেঞ্জ কর্মকর্তা ও বন বিভাগের দলের ওপর হামলা চালায়।

বন বিভাগের পক্ষ থেকে এই ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কর্মকর্তারা জানান, সরকারি বনভূমি রক্ষা ও পাহাড়খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের ও আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট