চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে মহাসড়কে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ২০ স্থাপনা

চন্দনাইশে মহাসড়কে গুঁড়িয়ে দেওয়া হলো ২০ স্থাপনা

চন্দনাইশ সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৬ | ৯:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট থেকে খাঁনহাট পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ দখলমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে। অভিযান চলাকালে মহাসড়কের উভয় পাশে থাকা রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন ব্যক্তির ২০টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। এ সময় তিনি অবৈধ দখলদারদের সতর্ক করে নির্দেশ দিয়েছিলেন বুধবারের মধ্যে ফুটপাত ও সড়কের ওপর রাখা সব মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে, অন্যথায় বৃহস্পতিবার প্রশাসন দিয়ে অভিযান চালানো হবে।

সে সময় তিনি জানিয়ে দেন, মহাসড়কের ওপর কোনো সিএনজি স্ট্যান্ড রাখা যাবে না এবং ফুটপাতে কোনো দোকানের মালামাল রেখে পথচারীদের চলাচলে বাধা তৈরি করা যাবে না। একই সঙ্গে যানজট নিরসনে কলেজ গেট ও খাঁনহাট পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েনেরও নির্দেশ দেন তিনি।

তবে সংসদ সদস্যের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখলদারেরা সড়ক ও ফুটপাত খালি না করায় বৃহস্পতিবার পূর্বঘোষণা অনুযায়ী উপজেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ফুটপাত ও মহাসড়ক সম্পূর্ণ মুক্ত হওয়ায় এলাকার যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট