চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় অবৈধ ৬ করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ

পেকুয়ার অবৈধ ৬ করাতকলে অভিযান, ৬ মেশিন ও গাছ জব্দ

চকরিয়া সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৬ | ৮:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় লাইসেন্সবিহীন ছয়টি করাতকলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এ সময় করাতকলগুলোর ছয়টি মেশিন, বিভিন্ন যন্ত্রাংশ ও বেশকিছু গাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। সেখানে নুরুল আলমের মালিকানাধীন দুটি এবং আকতার আহমদের মালিকানাধীন একটি করাতকলে অভিযান চালিয়ে তিনটি মেশিনসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল একটি ডাম্পার গাড়িতে করে বারবাকিয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, দুপুর দেড়টায় টইটং ইউনিয়নের জালিয়ার চাং ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় আরও তিনটি করাতকলে অভিযান চালানো হয়। এ সময় করাতকলগুলো থেকে মেশিন, যন্ত্রাংশ ও কিছু গাছ জব্দ করা হয়। তবে এসব করাতকলের মালিকের নাম পরিচয় পাওয়া যায় নি।

এছাড়া পেকুয়া থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ছয়টি করাতকলের মেশিন ও কিছু গাছ জব্দ করা হয়েছে। এসব করাতকলের বৈধ কাগজপত্র নেই। জব্দ করা মালামাল রেঞ্জ কর্মকর্তার হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/আদর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট