চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার ছোটফরিংগা সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে ছোটফরিংগা বিওপির সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় শাড়িগুলো জব্দ করা হয়।
জব্দ করা শাড়ি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ



















