উত্তর সাতকানিয়ার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো কমতি রাখবেন না বলে অঙ্গীকার করেছেন সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ। এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাতকানিয়ার প্রাণহরি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জসিম উদ্দিন আহমেদ বলেন, “উত্তর সাতকানিয়ার উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ১২ ফেব্রুয়ারি আমাকে নির্বাচিত করে আপনারা যে দায়িত্ব দিয়েছেন, তা পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।” একটি মহল ছদ্মবেশে থেকে এলাকার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুর রহিম ও শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফা।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















