মিরসরাইয়ের জোরারগঞ্জে ৭০২ বস্তা প্লাস্টিকের তৈরি কাঁচামালসহ মো. সিদ্দিক হোসেন (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মৃত সামছুল আলমের ছেলে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্টের দিকে আসা কাভার্ডভ্যান জাতীয় কার্গো ট্রাকটিকে সংকেত দিলে অজ্ঞাত ৫-৬ জন লোক পালিয়ে যায়। পরবর্তীতে কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে ৪৫ লক্ষ টাকার ৭০২ বস্তা প্লাস্টিকের তৈরি কাঁচামাল উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, উদ্ধার কাঁচামাল সরকারি শুল্ক ও অন্যান্য বৈধ কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে চীন হতে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তার সিদ্দিক হোসেন ও পলাতক আনিস রহমান সুলতান (৩০)সহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















