চট্টগ্রাম বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৬ | ৭:০৪ অপরাহ্ণ

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে নোয়াখালীর বাঁধেরহাট আবদুল মালেক ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে বহিষ্কার করা হয়েছে।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় নোয়াখালী জেলা ছাত্রদল।
 
সংগঠন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি পায়ের নিচে রাখা নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন মারুফ। বিষয়টি নজরে আসার পরপরই তীব্র সমালোচনার সৃষ্টি হয় এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে জেলা ছাত্রদল।
 
বহিষ্কারের পর জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট দেন মারুফ। তার এ বক্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
 
এ বিষয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় মারুফকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়ার এক ঘণ্টার মধ্যে ফেসবুকে ছাত্রদলকে নিয়ে অশালীন মন্তব্য করায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বহিষ্কারের বিষয়ে হাসিবুল ইসলাম মারুফ বলেন, ‘ছাত্রদল একটি দালাল সংগঠন। এই সংগঠন আমাকে বহিষ্কার করলেও কী, না করলেও কী! আমি নিজেই এ সংগঠনে থাকতে চাই না।
 
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট