চট্টগ্রাম বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

বান্দরবান প্রতিনিধি 

১৪ অক্টোবর, ২০২৬ | ১১:৫১ পূর্বাহ্ণ

দীর্ঘ ছয় দিন পর বান্দরবান-থানচি সড়কে নিরাপত্তা বাহিনীর পাহারায় যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল আটটার দিকে শহরের তিন নম্বর স্থানের থানচি স্টেশন থেকে প্রথম যাত্রীবাহী বাসটি ছেড়ে যায়। 
 
 
সশস্ত্র সন্ত্রাসীরা বাস মালিক সমিতির কাছে ছয় লক্ষ টাকা দাবি করার পর এই সড়কে নিরাপত্তার আশঙ্কায় গত ৬ দিন ধরে বাস চলাচল বন্ধ ছিল। এতে করে চরম দুর্ভোগের মুখে পড়ে যাত্রী ও পর্যটকরা। দ্বিগুণ ভাড়া দিয়ে বিকল্প পন্থায় এই সড়কে যাত্রী ও পর্যটকরা চলাচল করছিল। বাস চলাচল না করায় থানচিতে পর্যটকদের সংখ্যাও কমে আসে। 
 
 
বান্দরবান শৈলসোভা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি অমল দাশ জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সাথে বৈঠকের পর বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। সড়কের নীলগিরি থেকে বলিপাড়া পর্যন্ত সেনাবাহিনী ও বলিপাড়া থেকে থানচি পর্যন্ত বিজিবি সদস্যরা নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে। 
 
 
মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিবছর সন্ত্রাসীরা মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। এ বছরও সন্ত্রাসীরা ছয় লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় তারা বেশ কিছুদিন থেকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। পরিবহন ব্যবসায় লোকসান হওয়ায় শেষ পর্যন্ত এই সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে নিরাপত্তা বাহিনীর সাথে বৈঠকের পর বাস চলাচল চালু করা হয়েছে। 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট