চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

স্বস্তি ফিরছে পাহাড়ে : ৬ দিন পর চালু হচ্ছে বান্দরবান-থানচি রুটের বাস

স্বস্তি ফিরছে পাহাড়ে : ৬ দিন পর চালু হচ্ছে বান্দরবান-থানচি রুটের বাস

থানচি সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৬ | ৯:৪৮ অপরাহ্ণ

টানা ছয় দিন বন্ধ থাকার পর পাহাড়ের পর্যটন নির্ভর অন্যতম গুরুত্বপূর্ণ পথ বান্দরবান-থানচি সড়কে আগামীকাল (বুধবার) থেকে আবারও চালু হচ্ছে যাত্রীবাহী বাস চলাচল। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পাওয়ায় পরিবহন শ্রমিক ও মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।

একটি সশস্ত্র পাহাড়ি গ্রুপের মোটা অঙ্কের চাঁদার দাবি ও হুমকির মুখে গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তার অভাবে এই রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল পরিবহন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও ঘুরতে আসা পর্যটকরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বান্দরবান সেনা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাহাড়ি সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, বান্দরবান-থানচি সড়কের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ পয়েন্ট হিসেবে পরিচিত‘ওয়াই জংশন’থেকে নীলগিরি পর্যটন কেন্দ্র’পর্যন্ত যাত্রীবাহী বাসগুলোকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা পাহারা দিয়ে পারাপার করা হবে।

বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, প্রশাসনের নিরাপত্তার আশ্বাস এবং পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের ভোগান্তির কথা বিবেচনা করে ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা বাস চালাতে রাজি হয়েছি।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাভাবিক সূচির চেয়ে কম বাস চালানো হবে বলে জানান মালিক সমিতি। আগে প্রতিদিন বান্দরবান থেকে ৩টি এবং থানচি থেকে ৩টি বাস ছেড়ে যেত। তবে নতুন সিদ্ধান্তে পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে উভয় প্রান্ত থেকে ২টি করে প্রতিদিন মোট ৪টি বাস চলাচল করবে।

জীবন নিয়ে অনিশ্চয়তা ও আতঙ্কের কথা জানিয়ে নিয়মিত বাস চালক জাহাঙ্গীর আলম বলেন, অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে আমরা সড়কে গাড়ি নামানোর সিদ্ধান্ত নিয়েছি। সাম্প্রতিক পরিস্থিতির কারণে পাহাড়ি পথে গাড়ি চালানো এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাসে শ্রমিকরা কাজে ফিরলেও, পাহাড়ি এ রুটে স্থায়ী নিরাপত্তা ও চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট