চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

মিয়ানমার থেকে পানির নিচে বিশেষ ক্যারিয়ারে আসত ইয়াবা

নাফ নদীর পানির নিচ দিয়ে মিয়ানমার থেকে বিশেষ ক্যারিয়ারে আসত ইয়াবা

টেকনাফ সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৬ | ৮:০৪ অপরাহ্ণ

ইলেকট্রিক মোটর, কপিকল এবং প্রায় দুই কিলোমিটার স্টিলের তার ব্যবহার করে পানির নিচে ডুবিয়ে রাখা বিশেষ কাঠের ক্যারিয়ারের মাধ্যমে মিয়ানমার থেকে অভিনব কায়দায় পাচার করা হচ্ছিল ইয়াবা। উখিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, সরঞ্জাম ও ২ লাখ ২০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে উখিয়া ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বিজিবির ভাষ্য অনুযায়ী, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে উখিয়ার পালংখালীর ফাইস্যা খাল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত এই ডুবন্ত ক্যারিয়ার টেনে আনা হতো। খালটি আঁকাবাঁকা হওয়ায় বিভিন্ন বাঁকে কপিকল ও তার ব্যবহার করা হতো। ক্যারিয়ার টেনে নেওয়ার সময় চোরাকারবারিদের একজন পানিতে মাছ ধরার ভান করে সেটির সঙ্গে সঙ্গে এগোতেন। খালের বাঁক অতিক্রম করার সময় ছোট কপিকলগুলো বড় স্থায়ী কপিকল থেকে খুলে নেওয়া হতো। বিজিবির ধারণা, কাঠের তৈরি এ ধরনের একটি ক্যারিয়ারে একসঙ্গে প্রায় ৩০ লাখ ইয়াবা পরিবহন করা সম্ভব। সীমান্তে নজরদারি বাড়ায় পাচারকারীরা এ ধরনের নতুন নতুন কৌশল ব্যবহার করছে।

বিজিবি জানায়, গত ১২ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে পালংখালী বিওপির একটি টহল দল উখিয়ার আঞ্জুমানপাড়ায় মনিরের ঘেরের মাচাংঘরের পাশে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বেলাল উদ্দিন (৩৫) ও খোরশেদ আলম (২৬) নামের দুজনকে আটক করা হয়। তাদের বাড়ি উখিয়ার নলবনিয়া ও মধ্যমফারির বিল এলাকায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, একটি মুঠোফোন, ৯টি কপিকল, কাঠের তৈরি একটি ডুবন্ত ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার স্টিলের তার, একটি উচ্চক্ষমতার ব্যাটারি ও একটি ইলেকট্রিক মোটর উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সময়ে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২৮ জনকে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট