চট্টগ্রামের রাউজান সরকারি আরআরএসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষককে কলম দিয়ে আঘাত করে আহত করেছে স্কুলের এক শিক্ষার্থী।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্কুলে পরীক্ষা চলাকালে কারিগরি শাখার টেকনিক্যাল শিক্ষক সুচরিৎ চৌধুরীর উপর এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফের বাড়ি ডাবুয়া ইউনিয়নের আরব নগর এলাকায়। সে বেশ কিছুদিন ধরে ক্লাসে অনিয়মিত ছিল। ঠিকমতো ক্লাস করত না, দেরিতে স্কুলে আসতো এবং পরীক্ষার সময়েও ঠিক সময়ে আসত না। চুল কাটা নিয়ে ওই শিক্ষক তাকে কিছু বলায় ক্ষুব্ধ হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ জানান, নবম শ্রেণির ভোকেশনাল ইলেকট্রিক বিভাগের মোহাম্মদ ইউসুফ নামের এক ছাত্র কারিগরি শাখার টেকনিক্যাল শিক্ষক সুচরিৎ চৌধুরীকে কলম দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে। গতকাল সোমবার বিষয়টি জানাজানি হলে প্রাক্তন শিক্ষাথী, শিক্ষক, অভিভাবকসহ সচেতন মহলে তোলপাড় সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও করণীয় নির্ধারণ করা হবে। এমন ঘটনা আমার শিক্ষককতা জীবনে আর দেখিনি। ওই শিক্ষাথী এখন অন্যদের হুমকি দিচ্ছে।
স্থানীয়রা জানান, ওই শিক্ষাথী কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকতে পারে। ড্রাগ সেবনকারীও হতে পারে।
প্রাক্তন শিক্ষাথীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে শিক্ষক আমাদের মানুষ গড়ার কারিগর, আজ সেই শিক্ষকের শরীরেই ঝরেছে রক্ত। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
পূর্বকোণ/পিআর


















