চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় ছেলেকে রক্ষা করতে গিয়ে মো. ইলিয়াস (৪৭) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের বড়ুয়াপাড়া সংলগ্ন সাঙ্গু নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালীনগর এলাকার মুন্সি মিয়ার ছেলে। পেশায় তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বালু সংগ্রহের জন্য নৌকা নিয়ে সাঙ্গু নদীতে যান ইলিয়াস এবং ছেলে সাঈদ উদ্দীন। কাজ শেষে বালু নিয়ে ফেরার পথে হঠাৎ নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় ইলিয়াস নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাৎক্ষণিকভাবে সাঁতরে ও ডুবন্ত অবস্থা থেকে ছেলেকে নিরাপদে রক্ষা করেন। কিন্তু তিনি নিজে আর নদী থেকে উঠতে পারেননি।
ঘটনার পরপরই স্থানীয়রা পিতা ও পুত্রকে উদ্ধার করে দ্রুত কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পিতা ইলিয়াসকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য মোহাম্মদ খোরশেদ জানান, নৌকাডুবির পর ছেলেকে নিরাপদে উদ্ধার করতে পারলেও শেষ পর্যন্ত ওই পিতা প্রাণ হারিয়েছেন। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/রানা/পারভেজ



















