চট্টগ্রামে হত্যাচেষ্টা মামলায় জামিন নিতে এসে কারাগারে গেছেন সদ্য বহিষ্কৃত জামায়াত যুব বিভাগের নেতা সাইদুল ইসলাম (৩৮)। সোমবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকায় ছাবিদ আলী মিস্ত্রি বাড়ির সুফিয়া খাতুন নিজ বসতঘরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করছিলেন। এতে বাধা প্রদান করেন সাইদুল ইসলাম। একপর্যায়ে সাইদুল ধারালো অস্ত্র নিয়ে সুফিয়া খাতুনের ওপর হামলা চালান এবং তার শ্লীলতাহানি করেন।
এ ঘটনার পর ভুক্তভোগী সুফিয়া খাতুন বাদী হয়ে সাইদুলকে প্রধান আসামি করে এবং আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ মোট ৮ জনের বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মিরসরাই থানার উপ-পরিদর্শক আজিজুল হক লিটন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত পরিচালনা করে সাইদুলসহ কয়েকজনের প্রত্যক্ষ জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং সে অনুযায়ী আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সায়েম হোসেন বলেন, আজ হত্যাচেষ্টা মামলায় এজাহারনামীয় ৪ জন আসামি আদালতে জামিনের আবেদন জানান। বিজ্ঞ বিচারক শুনানি শেষে ৩ জনের জামিন মঞ্জুর করলেও প্রধান আসামি সাইদুলের জামিন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পূর্বকোণ/রানা/পারভেজ



















