টেকনাফের বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ জাহেদ হোসেনের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি টেকনাফ উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং উপজেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সোমবার (১২ অক্টোবর) বাদে আছর তাঁর পৈত্রিক বাড়ি শাহপরীরদ্বীপ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে একই দিন ভোর ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা জাহেদ হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম অনীক চৌধুরী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য সদস্য এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুম জাহেদ হোসেন ছিলেন একজন সৎ, সাহসী, বিনয়ী ও নিরহংকার ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধে তাঁর গৌরবময় অবদান এবং দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনের স্মৃতি টেকনাফবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। তাঁর মৃত্যুতে টেকনাফের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
পূর্বকোণ/আদর/পারভেজ


















