দেশের প্রতিটি নাগরিক ও সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করছেন এবং নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন এই বার্তা বিশ্বকে দিতে হবে বলে মন্তব্য করেছে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে লোহাগাড়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র বিশ্বের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে দুর্গোৎসব ঘিরে গুজব, অপপ্রচার ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। ছোট কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে উৎসবকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন-আখন্দ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনায় কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। সভায় অতিথিরা,যে কোন মূল্যে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠু,সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের উপর গুরুত্বারোপ করেন। সভার শেষে দুটি এতিমখানার শিশু শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়। পরে উপজেলার পদুয়া ইউনিয়নে পদুয়া গুপ্তবাড়ি পূজামণ্ডপ ও পদুয়া বাসুদেব বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত,চট্টগ্রাম জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন পিভিএম,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ,দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী,দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু,উপজেলা জামায়েত ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অ.ন.ম নোমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোহাগাড়া শাখার সভাপতি রিটন কান্তি বিশ্বাস, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন নাথ প্রমুখ।
পূর্বকোণ/রানা/পারভেজ



















