চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চাঁদা চাওয়ায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

চাঁদা চাওয়ায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বান্দরবান প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২৬ | ১০:৩৪ পূর্বাহ্ণ

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর চাঁদা দাবিকে কেন্দ্র করে নিরাপত্তার আশঙ্কায় বান্দরবান-থানচি সড়কে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। গত দু’দিন থেকে বাস চলাচল বন্ধ থাকায চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পর্যটকরা। বর্তমানে এই সড়কে যাত্রীরা হালকা যানবাহনে দুর্ভোগের মধ্যে যাতায়াত করছে।

 

বাস মালিক কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি পাহাড়ি সশস্ত্র একটি সংগঠন বান্দরবান থানচি সড়কের যাত্রীবাহী বাস মালিকদের কাছে মোটা অংকের চাদা দাবি করে। চাঁদা না দিলে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে তারা হুমকি দেয়। এরপর থেকে নিরাপত্তার আশঙ্কায় এই সড়কে গত দু’দিন থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। আর এতে করে চরম ভোগান্তির মধ্যে পড়েছে এই সড়কে চলাচলকারী যাত্রীরা।

 

এছাড়া থানচিতে বেড়াতে যাওয়া পর্যটকরা পড়েছেন বিপাকে। তবে যাত্রীরা টেক্সি, চাঁদের গাড়ি মোটরসাইকেলসহ হালকা যানবাহনে চলাচল করছে।

 

বাস মালিক সমিতি ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বান্দরবান-থানচি প্রায় ৭৭ কিলোমিটার সড়কের বলিপাড়া, কমলা বাগানসহ বেশ কয়েকটি জায়গায় দুই তিনটি সশস্ত্র সংগঠন ব্যাপকভাবে চাঁদাবাজি করছে। তবে কোন সংগঠনটি চাঁদা দাবি করেছে তা মালিক কর্তৃপক্ষ বলতে চাচ্ছেন না।

 

জিপ মাইক্রো মালিক সমিতির সভাপতি নাসিরুল আলম জানিয়েছেন, পর্যটকদের দুর্ভোগ কমাতে আপাতত এই সড়কে চাঁদের গাড়ি চলাচল করছে।

 

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, কারা বাস মালিকদের কাছে চাঁদা দাবি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত এই সড়কে যাত্রীবাহী বাস চলাচল চালু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট