চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় লোকালয়ে অজগর উদ্ধার, এভিয়ারি বনে অবমুক্ত

রাঙ্গুনিয়ায় লোকালয়ে অজগর উদ্ধার, এভিয়ারি বনে অবমুক্ত

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২৬ | ১০:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা লোকালয থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার ( ১০ অক্টোবর) রাতে স্থানীয় বাসিন্দারা সাপটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে রবিবার সকালে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মো. সোহেল রানার নির্দেশনায় এবং রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে অজগরটি রাঙ্গুনিয়া এভিয়ারি ও ইকোপার্কের গভীর বনাঞ্চলে অবমুক্ত করা হয়। এ সময় এভিয়ারি পার্কের ইজারাদার আবু নাছের টিপু ও পোমরা বিট কর্মকর্তা সোলায়মানসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।

সাপটিকে আঘাত না করে বন বিভাগকে খবর দেওয়ায় স্থানীয়দের দায়িত্বশীলতার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত মাসে একই এলাকায় আরও তিনটি অজগর উদ্ধার করে অবমুক্ত করা হয়েছিল। এ ছাড়া গত ২৪ সেপ্টেম্বর একটি বেঙ্গল স্লো লরিস প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে অবমুক্ত করা হয়। ধারাবাহিক এসব ঘটনায় রাঙ্গুনিয়ার বনাঞ্চলসংলগ্ন লোকালয়ে বন্যপ্রাণীর বিচরণ ও তাদের সংরক্ষণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বন বিভাগের সংশ্লিষ্টদের মতে, বনাঞ্চল থেকে বন্যপ্রাণী খাবারের সন্ধানে কিংবা অন্য কোনো কারণে প্রায়ই লোকালয়ে চলে আসে। এ অবস্থায় বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের সুরক্ষাও সমানভাবে জরুরি।

লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আঘাত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং দ্রুত বন কার্যালয়ে খবর দিতে বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে,।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট