কক্সবাজারের পেকুয়ার উজানটিয়ায় চিংডি ঘেরে ডাকাতি হয়েছে। ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদ্বিয়ার পুরাতন ঘোনায় সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের মালিকানাধীন শাহাবুদ্দিন ও হুমায়ুনের চিংড়িঘেরে ডাকাতি সংঘটিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতদলের ছোড়া গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় প্রায় ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সশস্ত্র একদল ডাকাত হঠাৎ চিংড়িঘেরে হানা দেয়। এরপর পাহারাদারদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। পরে পাহারাদাররা প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতদল গুলি ছোড়ে। এতে শাহাবুদ্দিন, ইসমাইল ও জয়নাল নামের তিনজন গুলিবিদ্ধ হন।
পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদ চৌধুরী সত্যতা স্বীকার করে বলেন, সিরাজ মেম্বারের প্রজেক্টটি লিজ নিয়ে শাহাব উদ্দিনসহ আরও কয়েকজন ব্যক্তি মাছ চাষ করেন। ডাকাতির বিষয়টি রাতেই পেকুয়া থানার পুলিশকে জানানো হয়েছে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















