চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আমিরাতে আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে রাউজান প্রবাসীর মৃত্যু
মোহাম্মদ আবু জাহেদ।

আমিরাতে আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে রাউজান প্রবাসীর মৃত্যু

রাউজান সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২৬ | ৪:৫৯ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে বাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ আবু জাহেদ (৪৮) নামের রাউজানের প্রবাসীর মৃত্যু হয়েছে।
 
 
গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দেশটির শারজা প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। 
 
 
নিহত আবু জাহেদ চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর হিংগলা গ্রামের মফজল ডাক্তার বাড়ির মৃত মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। জেরিন আকতার (১০) ও আফরিন আকতার (৩) বছর বয়সী তার দুই কন্যা সন্তান রয়েছে। 
 
 
নিহতের স্বজনরা জানান, রাউজান কলেজ থেকে লেখাপড়ার পাঠ চুকিয়ে প্রথমে মোহাম্মদ আবু জাহেদ উপজেলা সদরের ফকিরহাট বাজারে টেলিকম ব্যাবসা শুরু করেন। পরে ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে পাড়ি জমান। ২০২৫ সালে ছুটিতে দেশে আসেন। কয়েকমাস ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে সেপ্টেম্বর মাসে ফের প্রবাস জীবনে ফিরে যান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এলাকায় একটি গ্রোসারিতে বিক্রয়কর্মীর কাজ করতো। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে বাসায় ঘুমন্ত অবস্থায় পাশের রুমের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ধোঁয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন জাহেদ। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাসা থেকে তার লাশ উদ্ধার করে। আজ রবিবার সকালে তার আকস্মিক মৃত্যু সংবাদ জানতে পারেন পরিবারের সদস্যরা। 
 
 
নিহত আবু জাহেদের বন্ধু মো. আবছার, আলমগীর হোসেন ও আবু হানিফ জানান, জাহেদ স্কুল-কলেজ জীবন থেকেই বন্ধু মহলের পরিচিত মুখ। দেশে ছুটিতে আসলে বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতো। তার মৃত্যুর সংবাদ শুনে বন্ধুমহলে নেমে এসেছে শোকের ছায়া। 
 
পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট