পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় তুলে গরু চুরির চেষ্টাকালে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার সেনপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চারজনের একটি দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সেনপাড়া এলাকায় আসে। একপর্যায়ে স্থানীয় নুরুল চৌধুরীর একটি গরু অটোরিকশায় তুলে নিয়ে পালানোর চেষ্টা করে তারা। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ধাওয়া শুরু করেন। ধাওয়া করে দক্ষিণ ভূর্ষি রেলগেট এলাকায় অটোরিকশাটির গতিরোধ করেন স্থানীয় লোকজন। এ সময় দলের দুই পুরুষ সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও দুই নারীকে আটক করা হয়। পরে গরু ও অটোরিকশাসহ আটক দুই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করা গরু ও অটোরিকশাসহ দুই নারীকে হেফাজতে নিয়েছে। পালিয়ে যাওয়া দুই পুরুষ সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে। আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/পিআর


















