সড়ক অবরোধের কারণে সাজেকে নিয়মিত দুইবারের পরিবর্তে রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় একবার সরকারি নিরাপত্তা স্কর্ট চলার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।বিষয়টি সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক জানিয়েছেন। এছাড়াও এতে সাজেকে অবস্থানরত পর্যটকদের ফিরে আসা এবং নতুন পর্যটকদের সেখানে যেতে পারা আরও সহজ হবে বলে আশা করছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) সকাল থেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলার কারণে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় সাজেকে অবস্থানরত পর্যটকদের ভোগান্তি দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা।এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেওয়া হয়।
পূর্বকোণ/ঐশী


















