চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার

টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২৬ | ২:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সাব্বির আহমদ (২৫) নামে এক রোহিঙ্গা যুবক হত্যা মামলায় তার স্ত্রী শাহেনা বেগমকে (২৩) গ্রেপ্তার করেছে এপিবিএন।
 
 
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জাদিমুড়া ক্যাম্পের তার বাবার ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
 
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
তিনি জানান, শুক্রবার ভোররাতে ক্যাম্প-২৭-এ নুরুল ইসলামের ভাড়া বাসায় সাব্বির আহমদের মৃত্যুর ঘটনা ঘটে। তাকে ঘরের ভেতরে দুই হাত বাঁধা অবস্থায় চালের বাঁশের সঙ্গে লুঙ্গি ও গামছা প্যাঁচানো অবস্থায় মৃত পাওয়া যায়। এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হয়। সাব্বির আহমদের সঙ্গে তার স্ত্রী শাহেনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে অভিযোগ রয়েছে। 
 
 
২০২১ সালে তাদের বিয়ে হয়। সাব্বির আহমদ আগে তার মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এক্সটেনশন ক্যাম্পে থাকতেন। পরে ২০২৪ সালের এপ্রিল মাসে স্ত্রী-সন্তানসহ একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। 
 
 
সাব্বির হত্যার ঘটনায় টেকনাফ থানায় ১০ অক্টোবর মামলা দায়ের করা হয়েছে। মামলায় শাহেনা বেগমকে এজাহারনামীয় প্রধান আসামি করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাদিমুড়া ক্যাম্পের তার বাবার বসতঘর থেকে নিহতের স্ত্রী শাহেনা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাতেই টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট