চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

ফটিকছড়ি সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২৬ | ১২:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে লাকি আকতার (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লাকি আকতার ওই এলাকার মো. ইউনুছ ওরফে মনার স্ত্রী।
 
 
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের হচ্ছারঘাট এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মুনসেফ আলী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
 
 
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে কাজ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান ইউনুছ। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শোবার ঘরে ছাদের গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রী লাকিকে ঝুলতে দেখেন তিনি। তার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে এক আত্মীয় ছুটে আসেন। পরে ওড়না কেটে লাকিকে নিচে নামানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
 
 
পুলিশ জানায়, প্রায় আট মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে লাকি আকতার ও ইউনুছ বিবাহবন্ধনে আবদ্ধ হন। লাকি শহরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে তাদের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর ইউনুছ তাকে গ্রামে নিয়ে এসে আলাদাভাবে বসবাস করছিলেন। ইউনুছের প্রথম স্ত্রী ও সন্তানরা অন্যত্র থাকেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।
 
 
খবর পেয়ে নিহতের ভাই-বোনেরা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
 
 
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঝুলন্ত অবস্থা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট